প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মিছিল বের করার চেষ্টার অভিযোগে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি ক্যাপ জব্দ করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘিরপাড় এলাকায় পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।
গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাট উপজেলার মেছা গ্রামের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমা উপজেলার ১০ নম্বর রোডের বরইকান্দি গ্রামের লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯), কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছ, সিলেট নগরীর জেলরোড থেকে ধোপাদিঘীরপাড় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে কোতোয়ালী মডেল থানা পুলিশের পাঁচটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিছিলের কাজে ব্যবহারের জন্য রাখা ব্যানার, ফেস্টুন ও ক্যাপ জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি কালবেলাকে বলেন, শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মিছিলের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স