গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ পিএম

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ট্রাম্পের সমর্থিত প্রার্থীদেরও পরাজিত করেছেন।

৪ নভেম্বর নির্বাচনের ফলাফল সামনে আসার পর ট্রাম্পের দলীয় মিত্র ও রাজনৈতিক কৌশলবিদেরা হোয়াইট হাউসে রদবদল, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরাজয়ের জন্য দায়ী বলে মনে করা নীতিগুলো বাতিলের দাবি জানিয়েছেন। এসব নীতির মধ্যে ইরান যুদ্ধ ও শুল্ক আরোপের বিষয়টিও রয়েছে।

প্রবীণ রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদ জন ফিহেরি নির্বাচনের ফলাফলকে ট্রাম্পের জন্য ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘তার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। এখন থেকে প্রতিটি দিনই তিনি ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবহীন হয়ে পড়বেন।’

তবে নির্বাচনের ফলাফলকে নিজের জন্য বড় কোনো আঘাত হিসেবে দেখছেন না ট্রাম্প। মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এটিকে আমার ওপর কোনো আঘাত হিসেবে দেখছি না।’

এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এখন ট্রাম্পের বিভিন্ন আইন প্রণয়নের উদ্যোগ আটকে দেওয়া, তার প্রশাসনের কার্যক্রম তদন্ত করা এবং মনোনীত কর্মকর্তাদের নিয়োগের বিরোধিতা করার ক্ষমতা থাকবে ডেমোক্র্যাটদের হাতে।

এ পরিস্থিতিতে নির্বাহী ক্ষমতার ওপর আরও বেশি নির্ভর করতে পারেন ট্রাম্প বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ কয়েক বছরে তিনি বিতর্কিত নীতিগুলো অব্যাহত রাখবেন, নাকি পরিবর্তনের পথে হাঁটবেন, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

বিশেষ করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য ট্রাম্পের বর্তমান নীতি রাজনৈতিক দায় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন দলটির কয়েকজন নেতা।

এদিকে ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ইরান যুদ্ধকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক কৌশলবিদ ও দলীয় কর্মকর্তাদের মতে, রিপাবলিকানদের মধ্যে যদি এমন ধারণা তৈরি হয় যে দলটির ভোটারদের ওপর ট্রাম্পের দীর্ঘদিনের প্রভাব কমে আসছে, তাহলে ভবিষ্যতে আরও নেতাকে তার নীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে দেখা যেতে পারে।

সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।