বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ‘বিডা-ডেসকো মডেল’-এ ১২০ দশমিক ৯৬ বা উপযোগী পরিমাণ কিলোওয়াট-পিক সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকো-এর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান স্বাক্ষর করেন।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, ‘কমিশন ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, ‘এ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা হ্রাস, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এ উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ।’
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যরা, যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স