প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১২ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম
রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর মারা গেছেন বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী (৬০)। দীর্ঘ ৩২ বছর ধরে মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তির মৃত্যুতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৯ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর সকালে মন্দিরে পূজার্চনা শেষে বাড়ি ফিরছিলেন রনধীর চক্রবর্তী। পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে মন্দিরের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়ইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কাপ্তাই কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক জানান, রনধীর চক্রবর্তী টানা ৩২ বছর বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল।
শুক্রবার দুপুরে তার মরদেহ মন্দিরে নেওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
সূত্র: কালবেলা