গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তাঁর পরিবারের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাঁর সহযোগীরা জড়িত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকায় ও রামুতে তাঁর আসবাবের ব্যবসা রয়েছে।

ঘটনার বিষয়ে মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে তিনি পালানোর চেষ্টা করেন। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তাঁর পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে মাহমুদুল হকের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে লিয়াকত আলীর ভাই জায়েদ আলী, কিতাব আলী ও ওয়াদুদ আলী ও তাঁদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন মাহমুদুল হকের ওপর হামলা চালিয়েছেন।

গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন

এ বিষয়ে জানতে লিয়াকত আলীর ভাই জায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এ ছাড়া কিতাব আলী, ওয়াদুদ আলী ও মো. নাসেরের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। অন্যদিকে লিয়াকত আলী একটি মামলায় কারাগারে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন লিয়াকত আলী।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।