গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম

একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে চেক রিপাবলিক ও ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। এই দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্প্যানিশ স্কোয়াডে নতুন মুখদের যেমন সুযোগ দেওয়া হয়েছে, তেমনি দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা বেশ কয়েকজন খেলোয়াড়। অনূর্ধ্ব-২১ দলের সফর শেষে মূল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কোমোর রক্ষণের তরুণ প্রতিভা ইয়াকোবো রামোন। সেস্ক ফাব্রেগাসের অধীনে চলতি মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সের সুফল হিসেবে এসেছে তার এই সুযোগ। রামোনের পাশাপাশি স্প্যানিশ স্কোয়াডে জায়গা পেয়েছেন লাস পালমাসের গোলরক্ষক আলভারো ভাইয়েস এবং রিয়াল বেতিসের মিডফিল্ডার মার্ক রোকা। এছাড়া পুনরায় দলে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদের পাবলো বারিয়োস এবং রিয়াল সোসিয়েদাদের উইঙ্গার আনদের বারেনেত্সিয়া। এরিক গার্সিয়া, রদ্রি এবং দানি ওলমোর ইনজুরির কারণে বাধ্য হয়েই স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে স্প্যানিশ কোচকে। তবে আক্রমণভাগে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন রবার্তো ফার্নান্দেজ। আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার প্রাগের স্পার্তায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে দে লা ফুয়েন্তের শিষ্যরা। এরপর ১৫ নভেম্বর রোববার ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ইংল্যান্ডকে আতিথ্য দেবে তিন সিংহের প্রতিপক্ষরা। দল ঘোষণার শুরুতে অর্দাক্স ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ এবং প্রয়াত হেসুস দে মিগুয়েলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেন কোচ। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্পেন। সব মিলিয়ে টানা ১১টি জয় এবং টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড গড়েছে দলটি (অফিসিয়াল প্রতিযোগিতায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত)। এখন তাদের মূল লক্ষ্য গ্রুপের শীর্ষে থেকে পর্ব শেষ করা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগটি তারা নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে, আর রানার্স-আপ হলে প্রথম লেগ খেলে অ্যাওয়ে ম্যাচে নামতে হবে। অন্যদিকে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার পর রোববারে মাদ্রিদে স্পেনের মুখোমুখি হবে ইংলিশরা। ক্রোয়েশিয়াকে হারাতে পারলে স্পেনের বিপক্ষে শেষ ম্যাচটিই হয়ে উঠবে গ্রুপ সেরা হওয়ার মূল নির্ণায়ক। স্পেন স্কোয়াড গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া ও আলভারো ভাইয়েস। রক্ষণভাগ: পেদ্রো পোরো, মার্ক পুবিল, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, ডিন হাইসেন, ইয়াকোবো রামোন, মার্ক কুকুরেয়া ও আলেহান্দ্রো গ্রিমালদো। মিডফিল্ড: মার্তিন সুবিমেন্দি, পাবলো বারিয়োস, ফাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, ফেরমিন লোপেজ ও মার্ক রোকা। আক্রমণভাগ: নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারসাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল ও আনদের বারেনেত্সিয়া।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।