প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতের দুই তারকা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন তারা।
তবে চোটের কারণে খেলা হচ্ছে না উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তের। আগামীকাল ৭ নভেম্বর নিউজিল্যান্ডের লিংকনে শুরু হবে নিউজিল্যান্ড-ভারত ‘এ’ দলের মধ্যকার তৃতীয় চার দিনের ম্যাচ। এই ম্যাচে বুমরাহ ও জাদেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মূলত ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রস্তুতি হিসেবেই তাদের এই ম্যাচে খেলানো হচ্ছে।
পন্ত এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। বাঁ পাশের পেশিতে চোট পাওয়া এই উইকেটকিপার বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তার পরিবর্তে ভারত ‘এ’ দলে যোগ দিয়েছেন তিলক ভার্মা।
এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তৃতীয় ম্যাচে খেলতে পারেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের ম্যাচ খেলার ছন্দে ফেরাতেই এই উদ্যোগ।
নিউজিল্যান্ড সফরে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি জিতেছে ভারত। চলমান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স