ফজরের নামাজের পর থেকে প্রায় পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) স্বল্পমূল্যের পণ্য পাননি জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গ্রাহকরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার পর পণ্য বিতরণ করা হবে না বলে জানানো হলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন অপেক্ষমাণ গ্রাহকরা।
শুক্রবার (৬ নভেম্বর) জামালপুর সদরের শরিফপুর ইউপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জামালপুর সদরের সবচেয়ে বড় ইউনিয়ন শরিফপুরে দুজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। একজন ডিলার এখন পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে পণ্য সংগ্রহ করতে পারেনি। আরেকজন ডিলার পণ্য বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন। পুরো ইউনিয়নের সব গ্রাহক এই ডিলারের কাছে উপস্থিত হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
বৃহস্পতিবার জানানো হয়, শুক্রবার সকালে ৫০০ প্যাকেজ বিতরণ করা হবে। এ খবরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে গ্রাহকরা উপস্থিত হতে থাকেন। অবস্থা বেগতিক দেখে সকাল ১০টার পর জানানো হয় অন্য ডিলার পণ্য সংগ্রহ করার পর আগামী মঙ্গলবার সব গ্রাহককে একসঙ্গে পণ্য দেওয়া হবে।
ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য উকিল মিয়া বলেন, বারবার নিষেধ করার পরও সবাই উপস্থিত হয়েছে। একজন ডিলার এখন পর্যন্ত পণ্য সংগ্রহই করেননি। সে পণ্য সংগ্রহ করার পর সবাইকে পণ্য দেয়া হবে। আজ নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে পণ্য দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বিধান পরে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী নাজমুল হক জানান, টিসিবির পণ্য সংগ্রহ এবং বিতরণ পুরো বিষয়টি প্রশাসন মনিটরিং করে থাকে।
তবে এ বিষয়ে জানতে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
সূত্র: নতুন আরএসএস সোর্স