গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ পিএম

সব অন্যায়-অবিচারের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সব অন্যায়-অবিচারের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের মাটিতে সমস্ত অন্যায়-অবিচারের বিচার করতে চাই। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূইয়া। আইনমন্ত্রী বলেন, ‘বিগত ষোলো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাড়ে ৪ হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, তাদেরকে ক্রসফায়ার করা হয়েছে। সাতশর বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাদেরকে গুম করা হয়েছে। আমরা এদেশের সমস্ত খুনের বিচার করতে চাই।’ মন্ত্রী বলেন, ‘যারা মারা গেছে তাদের স্বজনরা এখনো নামাজ পড়ে যায়, নামাজে বসে আল্লাহর কাছে কাঁদেন কখন তার স্বজন ফিরে আসবে। আমাদের ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছিল যাদের অনেকেই ঘটনার বিশ বছর আগে মারা গেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বাংলাদেশের মাটিতে সমস্ত অন্যায়-অবিচারের বিচার করতে চাই। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’ আইনজীবীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার সোপান তৈরি করে দিয়ে যেতে চাই। যে পথ ধরে বাংলাদেশ আইনের শাসনের পথ সুগম হবে।’ মন্ত্রী বলেন, ‘আইনজীবীদের জন্য আমরা সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি দুই সপ্তাহ আগে আমাদের বাণিজ্যমন্ত্রীকে বলেছি, প্রত্যেকটা কোম্পানির একজন করে কম্পালসারি (বাধ্যতামূলক) অডিটর লাগে তার অ্যাকাউন্টস দেখার জন্য। আমি বলেছি, প্রত্যেকটা কোম্পানির একজন করে কম্পালসারি আইনজীবী থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি বলেছি কোম্পানি আইনের পরিবর্তন করেন। আমি চেক করে দেবো। আইনজীবীদের এই বিকল্প কর্মসংস্থানের চিন্তা আমরা করছি কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে আপনার জ্ঞান কিভাবে অর্জন করবেন। আপনি কিভাবে জ্ঞানে-গরিমায়, মেধা-প্রজ্ঞায়, শিক্ষা-দীক্ষায়, মানে-মননে নিজেকে ঋদ্ধ করবেন।’ মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য এই পেশাকে (আইনজীবী) কিভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়। ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় থেকে ঘোষণা করেছি যে, আইনজীবীরা যারা ট্রেনিং পান না, আপনাদের থেকে শুরু করে আশি হাজার আইনজীবীর জন্য বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত আইনজীবী আছেন তাদের ট্রেনিং-এর জন্য এ বছরে আমি পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা দিয়েছি। এটা আমাদের অঙ্গীকার এই পেশাকে আমরা আরও সামনে নিতে চাই।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।