গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ পিএম

উপসাগরীয় অঞ্চলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

জাতীয়
গণমাধ্যম ডেক্স
উপসাগরীয় অঞ্চলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজটি বাহরাইনের দিকে যাচ্ছিল। গ্রিসভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণের পর প্রথমে নিখোঁজ বলে জানানো এক নাবিককে পরে জাহাজের ভেতরে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তিনি প্রাণঘাতী আঘাতের কারণে মারা গেছেন। তার মৃত্যুতে কোম্পানি গভীরভাবে শোকাহত।’

এমটি ভেলোস নামের ট্যাংকারটি কোনো পণ্য ছাড়াই বাহরাইনের উদ্দেশে যাচ্ছিল। কাতারের মদিনাত আশ শামালের প্রায় ৫০ নটিক্যাল মাইল (৯২ দশমিক ৬ কিলোমিটার) উত্তরে জাহাজটিতে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় আরেকটি ট্যাংকারে বিস্ফোরণের খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে ওমানের খাসাব উপকূল থেকে ১৬ নটিক্যাল মাইল (প্রায় ৩০ কিলোমিটার) পূর্বে জাহাজটির বাম পাশের পানিরেখার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

ইউকেএমটিওর তথ্যমতে, বিস্ফোরণের পরও ট্যাংকারটি নিজস্ব শক্তিতে চলতে সক্ষম রয়েছে এবং গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং তাদের প্রত্যেকের অবস্থান নিশ্চিত করা হয়েছে।

সূত্র : আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।