গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ পিএম

ফিলিপাইনকে আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেবে ভারত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ফিলিপাইনকে আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেবে ভারত

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ফিলিপাইনের কাছে আরও সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে ভারত। নতুন চুক্তির আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্রসহ পাঁচটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনতে পারে ম্যানিলা। চুক্তিটির সম্ভাব্য মূল্য ৭০০ মিলিয়ন থেকে ৮০০ মিলিয়ন ডলার। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের দুটি সূত্র জানিয়েছে, নতুন চুক্তিতে প্রায় পাঁচটি ব্রহ্মস ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ফিলিপাইন। এক ভারতীয় সূত্র বলেন, ম্যানিলা আবারও ব্রহ্মস কেনার আগ্রহ দেখিয়েছে এবং ভারতকে এখন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করছে।

২০২২ সালে ৩৭ কোটি ৫০ লাখ ডলারের একটি চুক্তির আওতায় ফিলিপাইনের কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করে ভারত। ওই চুক্তিতে নৌবাহিনীর ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে সেই চুক্তির সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। নতুন চুক্তির সম্ভাব্য মূল্য আগের চুক্তির প্রায় দ্বিগুণ।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও অ্যান্ডোলং রয়টার্সকে বলেন, দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বুধবার দিল্লি ডিফেন্স ডায়ালগে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরোও আরও ব্রহ্মস ইউনিট সংগ্রহের আশা প্রকাশ করেন। এ ব্যবস্থা ফিলিপাইনের পরিবেশ ও প্রয়োজনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে নিজেদের চাহিদার তালিকা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক অঞ্চল নিয়ে ফিলিপাইনের উত্তেজনা ক্রমেই বাড়ছে। কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে সামরিক সক্ষমতা বাড়ানো এবং উপকূলীয় প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দিচ্ছে ম্যানিলা।

ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। স্থল, সমুদ্র ও আকাশ তিন ধরনের প্ল্যাটফর্ম থেকেই এটি নিক্ষেপ করা যায়। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের সময় প্রথমবারের মতো যুদ্ধে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত। এরপর আন্তর্জাতিক বাজারে ব্রহ্মসের প্রতি আগ্রহ বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ফিলিপাইনের পাশাপাশি আরও কয়েকটি দেশের কাছে ব্রহ্মস বিক্রির উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। গত জুলাইয়ে ইন্দোনেশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় ভারত। ভিয়েতনামের সঙ্গেও এ বিষয়ে চুক্তি করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

ভারতের প্রতিরক্ষা রপ্তানিও দ্রুত বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটির প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি রুপি বা প্রায় ৪১১ কোটি ডলার। আগের অর্থবছরের তুলনায় এ প্রবৃদ্ধি ৬২ শতাংশের বেশি।

সূত্র : রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।