গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ পিএম

মোংলা বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: নৌ-পরিবহন মন্ত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মোংলা বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে বন্দরকেন্দ্রিক একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে বন্দর কর্মচারী সংঘের (সিবিএ) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মোংলা বন্দরের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়ে শেখ রবিউল বলেন, বন্দরের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বন্দরের সেবার মান বৃদ্ধি, পণ্য ওঠানামায় সময় ও ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা অর্জনেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা বলেন, ১৯৭৮ সালে মোংলা বন্দরে জেটি নির্মাণকাজ শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। এখন নতুন করে আরও দুটি জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দর কর্মচারীদের অধিকার রক্ষা ও বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড চলমান রাখতে নব নির্বাচিত কমিটি ভূমিকা রাখবে বলে মনে করেন বন্দর চেয়ারম্যান।  

অনুষ্ঠানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেন, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলীসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি, কনটেইনার ইয়ার্ড এবং পণ্য ওঠানামার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।