গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম

মাদক-জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মাদক-জুয়া থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী 

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোনো বিকল্প নেই। আধুনিকতার উৎকর্ষতায় আধুনিক ডিভাইস হাতে পেয়ে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুঁকে পড়েছে। তাদের খেলার মাঠমুখি করতে হবে। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। স্টেডিয়াম বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলার জন্য স্টেডিয়াম বাস্তবায়ন হলে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য প্রতিটি নাগরিক খেলাধুলার সুযোগ পাবেন। এতে অপরাধ প্রবণতা কমে যাবে।

তিনি আরও বলেন, সন্ধ্যার পরে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করলে পুলিশ ধরে থানায় নিয়ে যাবেন। পরবর্তীতে তার বাহিরে যাবার প্রকৃত কারণ সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইবেন তার অভিভাবকের কাছে। আশানুরূপ ব্যাখ্যা না দিতে পারলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমার নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তিগত ও পছন্দের প্রতিনিধি নেই। আমার নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি সুবিধা নিতে চায় তাকে বয়কট করবেন। সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সঙ্গে তোলা কোনো ছবি ব্যবহার করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদসহ অনেকে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।