গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম

ইউজিসির অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আরও ২ বিভাগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইউজিসির অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আরও ২ বিভাগ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদন পাওয়া বিষয় দুটি হলো কলা অনুষদের অধীনে ‘ইংরেজি বিভাগ’ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।

অনুমোদনের সঙ্গে কয়েকটি শর্ত দিয়েছে ইউজিসি। নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হবে। স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

এ ছাড়া ইংরেজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঠ্যক্রম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নালের ব্যবস্থা করতে হবে এবং ভবনের জরুরি নির্গমন সুবিধা, জরুরি চিকিৎসা সহায়তা ও বিশুদ্ধ খাবার পানি সুবিধা নিশ্চিত করতে হবে।

উপাচার্য বলেন, ‘ইতোমধ্যে ইউজিসি বিভাগ দুটি অনুমোদন প্রদান করতে যে শর্তগুলো আরোপ করেছে তা পূরণের জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি জানান, ইউজিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বড় বাস ভাড়া করার অর্থ বরাদ্দসহ অনুমতি দিয়েছে। মাইক্রোবাস এবং বড় বাস ভাড়া নেওয়ার জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ দুটি বিভাগে পাঠ্যক্রম চালু হলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে চারটিতে। বিশ্ববিদ্যালয়টিতে হিসাববিজ্ঞান এবং আইন বিভাগে পাঠদান চলমান রয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।