গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম রেজাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়নি।

তবে শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, সেলিম রেজার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে ভবন দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠে সেলিম রেজার বিরুদ্ধে। একটি সম্পত্তি নিয়ে ওই কর্মকর্তার পারিবারিক বিরোধ আদালতে বিচারাধীন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে সেলিম রেজা ও শাখা ছাত্রদলের আরেক যুগ্মআহবায়ক মো. নবীনুর ইসলাম নবীনসহ প্রায় ১২ জন ওই কর্মকর্তার কর্মস্থলে যান। সেখানে শনিবারের মধ্যে অন্য পক্ষের সঙ্গে মীমাংসায় বসার জন্য তারা চাপ দেন বলে অভিযোগ রয়েছে। অন্যথায় তারাই ভবনের দখল বুঝিয়ে দেবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

পরদিন সকাল ১০টার দিকে সেলিম রেজা আবার একা ওই কর্মকর্তার কর্মস্থলে গিয়ে একই বিষয়ে চাপ দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

এর আগে সেলিম রেজার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা, জুলাই শহীদের বাবাকে হেনস্তা, ব্যবসার হিসাব নিয়ে বিরোধ, অর্থ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠে।

সেলিম রেজার বহিষ্কারের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘এটি কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।