গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম

‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দল চাঁদার ওপর নির্ভর করে চলে বলে মন্তব্য করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট সামছুল আলম মজুমদার মোহন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা এনসিপি কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সামছুল আলম মজুমদার মোহন বলেন, ‘একমাত্র এনসিপি ও জামায়াত ছাড়া বাকি দলগুলো চাঁদার ওপর চলে।’ তিনি বলেন, ‘আমরা এখনো আত্মনিয়ন্ত্রণের অধিকার পাইনি। ২৪-এর আন্দোলন আত্মনিয়ন্ত্রণের পথ খুলে দিয়েছিল মাত্র। কিন্তু এরই মধ্যে বিপ্লব বেহাত হয়ে গেছে। এই আন্দোলনকে অনেকে গণআন্দোলন বললেও এটি ছিল বিশাল এক বিপ্লব। সারা পৃথিবীতে যারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য এই বিপ্লব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, বাংলাদেশের আন্দোলন বিশ্বের অনেক দেশেই অনুসরণ করা হচ্ছে। ভারতেও বাংলাদেশের স্লোগান ধার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি ‘দেশটা তোমার বাপের নাকি’ স্লোগানের প্রসঙ্গও তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, সদস্যসচিব আরিফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক ড. শহিদুল ইসলাম, যুবশক্তির আহ্বায়ক হান্নান কবীর ইমু ও যুবশক্তির সংগঠক মেহেরাজ হোসেন রাজুসহ স্থানীয় নেতারা। সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।