গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৯ এএম

চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চার বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার

টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

ম্যাচে নিজের চার ওভারে মাত্র ২২ রান খরচায় ৬ উইকেট শিকার করেন বৈষ্ণভি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন তিনি। এর আগে ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন হুমায়রা কাজী।

ম্যাচের প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন বৈষ্ণভি। তবে নিজের শেষ ওভারে এসে দেখান আসল জাদু। ইনিংসের ১৯তম ওভারে প্রথমে ৬ রান দেন তিনি। এরপর ওভারের শেষ চার বলে পরপর চার ব্যাটারকে সাজঘরে ফেরান। প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ বলেও উইকেট তুলে নিয়ে চার বলে চার শিকারের অনন্য কীর্তি গড়েন এই স্পিনার।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈষ্ণভি। গত বছরের ডিসেম্বরে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.২৬ রান দিয়ে শিকার করেছেন পাঁচ উইকেট।

ওয়ানডে ক্রিকেটেও দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ স্পিনার। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে মাত্র দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট। দুই সংস্করণেই তার এমন পারফরম্যান্স ভারতীয় নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে ২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজর কাড়েন বৈষ্ণভি। মালয়েশিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়ার পাশাপাশি টুর্নামেন্টের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন তিনি। ওই ম্যাচে চার ওভার বল করে মাত্র ৫ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন। পুরো টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারিও হন এই ভারতীয়।

শুধু সীমিত ওভারের ক্রিকেটেই নয়, দীর্ঘ সংস্করণের ক্রিকেটেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন বৈষ্ণভি। ২০২৪-২৫ মৌসুমের সিনিয়র উইমেনস মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে এক ইনিংসে ৫০ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। পুরো ম্যাচে তার শিকার ছিল ১২৮ রানে ১৪ উইকেট। ভারতীয় নারী ক্রিকেটে এক ইনিংস ও এক ম্যাচে এমন বোলিং পরিসংখ্যান তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।