প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৫২ এএম
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ময়মনসিংহের নান্দাইলের প্রবাসী মৃদুল হাসান সৌরভের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌরভের বাবা সোহরাব উদ্দীন। ছেলের নিথর দেহ গ্রহণের মুহূর্তে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মরদেহ গ্রহণের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসে কর্মরত একজন তরুণের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
তিনি বলেন, সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের পাশে রয়েছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃদুল হাসান সৌরভ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সোহরাব উদ্দীনের একমাত্র ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় ১৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
সৌদি আরবে অবস্থানকালে জন্ডিসে আক্রান্ত হন সৌরভ। পরে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর তার মৃত্যু হয়।
এদিকে বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স