প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:১১ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।
তিনি জানান, শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাত ৩টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা বাসে আগুন দিয়েছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স