গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:১৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা পাবেন ওমরাহ পালনের সুযোগ। এ জন্য আগ্রহীদের নুসুক অ্যাপের মাধ্যমে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘Kemenhaj Saudi Gelar Undian Umrah Gratis di Aplikasi Nusuk, Ini Cara Daftarnya’ শিরোনামের প্রতিবেদনে নুসুক অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে ওমরাহর সুযোগ পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এ বিষয়ে গত ১ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করেছে মিসরের আরবি সংবাদমাধ্যম আল-ওয়াতানও।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতাটি গত ১ নভেম্বর শুরু হয়েছে। নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দিনই এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। তবে প্রতিযোগিতার শেষ তারিখ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নুসুকের মূল শর্তাবলি থেকেও এখন পর্যন্ত শেষ তারিখ নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এর মধ্যে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে। বিজয়ীরা ২০ কার্টন জমজমের পানিও পাবেন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ রয়েছে।

যেভাবে অংশ নেবেন

নুসুক অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটিতে লগইন করলেই হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

  • নুসুক অ্যাপে প্রবেশ করে অ্যাকাউন্টে লগইন করতে হবে।
  • অ্যাপের ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো ‘The Prophet’s Biography’, ‘The Quran’, ‘Makkah and the Grand Mosque’ এবং ‘Madinah and the Prophet's Mosque’।

নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম পুরস্কারের লটারিতে অন্তর্ভুক্ত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলা যাবে। অতিরিক্ত চাবি পেতে প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে। প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট থেকেও বিজয়ীদের তালিকা জানা যাবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত নুসুক অ্যাপটি ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণের জন্য ব্যবহৃত হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

অ্যাপ ডাউনলোড: https://onelink.to/nusuk

নুসুকের ওয়েবসাইট: https://services.nusuk.sa/

নুসুকের এক্স অ্যাকাউন্ট: https://x.com/MyNusuk

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।