গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম

বড় পর্দায় অভিষেক হলো রিচি সোলায়মানের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বড় পর্দায় অভিষেক হলো রিচি সোলায়মানের

ছোট পর্দার পরিচিত মুখ রিচি সোলায়মান দীর্ঘ অভিনয়জীবনের পর এবার নতুন মাধ্যমে পা রাখলেন। নাটকে নিয়মিত অভিনয় করলেও এই প্রথমবার তিনি বড় পর্দায় কাজ করলেন। নির্মাতা ও অভিনেতা রাজীব সালেহীনের পরিচালনায় ‘রবি ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

রাজীব সালেহীনের পরিচালনায় রিচির বড় পর্দায় কাজ করার খবর প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে সিনেমাটির গল্প কিংবা রিচির চরিত্র সম্পর্কে এখনই কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করতে নারাজ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রিচি সোলায়মান জানান, ‘রবি ইন ঢাকা সিনেমায় আমি অভিনয় করেছি। তবে সিনেমায় আমার চরিত্র নিয়ে বিস্তারিত আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দার কাজও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে অভিনয় করে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। ভালো গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতেও নিয়মিত নাটকে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

এ প্রসঙ্গে রিচি বলেন, ‘এখনো অনেক সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। গল্প ও চরিত্র ভালো লাগলে অবশ্যই অভিনয় করব। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতে ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ভক্ত-দর্শকের সবসময়ই আবদার থাকে, আমি যেন নাটকে নিয়মিত থাকি। সে কারণে ভালো গল্প পেলে অভিনয়ের চেষ্টা করি।’

অভিনয় ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন রিচি। কিছুদিন আগে একটি রিয়েলিটি শোয়ে নতুন নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।