ঢাকার সাভারে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাভারের সিংগাসার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুহিত সোবহান ওই এলাকার বাসিন্দা মো. মর্তুজ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল সিংগাসার এলাকায় অভিযান চালায়। এ সময় মুহিতকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সাভার মডেল থানায় মামলা হয়েছে।
ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের কাছে রেখেছিলেন।
তিনি আরও জানান, গুলিগুলো কী উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৭ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স