প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৯ পিএম
গ্রাম পুলিশের বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দায়িত্ব পালনে তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের বর্তমান মাসিক বেতন ৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের বেতন বেড়েছে ৩ হাজার টাকা।
এছাড়া গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রেও বেতন বেড়েছে ৩ হাজার টাকা।
শুধু মাসিক বেতন নয়, অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। ফলে তারা অতিরিক্ত ১০ হাজার টাকা পাবেন। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এতে তাদের আনুতোষিক বেড়েছে ২০ হাজার টাকা।
গ্রাম পুলিশের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্থানীয় থানায় যাতায়াতের জন্য আগে প্রতি সপ্তাহে ৩০০ টাকা পেতেন গ্রাম পুলিশ সদস্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভাতা ২০০ বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
এছাড়া তথ্য আদান-প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহারের খরচ বাবদ প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা করে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সূত্র: নতুন আরএসএস সোর্স