জেমস ক্লিয়ার রচিত ‘অ্যাটমিক হ্যাবিটস’ বই নিয়ে পাঠচক্রের আসর করে ঝালকাঠি বন্ধুসভা। গত ২৮ অক্টোবর বিকেলে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এ আসর বসে।
‘অ্যাটমিক হ্যাবিটস’ তৈরির প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনো উপায় নেই। তবে এই বইটিতে লেখক তাঁর অভিজ্ঞতার আলোকে সব থেকে ভালো পদ্ধতির বর্ণনা করেছেন। আপনি যে ধারণার সহায়তায় একটি সফল ব্যবসা, একটি সুখী পরিবার এবং একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন, সেই কৌশলগুলো নিয়েই এই বইটিতে আলোচনা করা হয়েছে।
মানুষের আচরণ সব সময় পরিবর্তিত হয়; পরিস্থিতি থেকে পরিস্থিতি, মুহূর্ত থেকে মুহূর্তে, ক্ষণ থেকে ক্ষণে। সহজে ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস দূর করে নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে ‘অ্যাটমিক হ্যাবিটস’ বইটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহসভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘কেবল তাত্ত্বিক কথা নয়, কীভাবে অভ্যাস ট্র্যাক করবেন বা পরিবেশ কীভাবে সাজাবেন, তার স্পষ্ট দিকনির্দেশনা আছে বইটিতে।’

সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির বলেন, ‘গল্প, বাস্তব জীবনের উদাহরণ এবং বিজ্ঞানের সহজ ব্যাখ্যার কারণে বইটি পড়া ও বোঝা খুব সহজ।’
বন্ধু জ্যোতি আক্তার বলেন, লক্ষ্যের পেছনে না ছুটে ভালো ‘সিস্টেম’ বা কাজের প্রক্রিয়া তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। আপনি কী হতে চান, তার ওপর ভিত্তি করে অভ্যাস গড়ার পরামর্শ রয়েছে।
সভাপতি শাকিল রনি বলেন, ‘আপনি যদি জীবনে ভালো অভ্যাস গড়তে বা বদভ্যাস ত্যাগ করতে সংগ্রাম করে থাকেন, তবে ‘অ্যাটমিক হ্যাবিটস’ পড়াটা একটি দারুণ সিদ্ধান্ত হতে পারে। এটি এমন একটি বই, যা শুধু পড়ে শেলফে তুলে রাখার নয়; বরং বারবার অনুশীলনের।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল রহমান, শাহরিয়ার পাপন, বন্ধু রিয়াদ আবদুল্লাহ, আমিনুল ইসলাম, মো. রাফিসহ অন্য বন্ধুরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা
সূত্র: প্রথম আলো