গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:০১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:১২ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ
বাগেরহাটের মোল্লাহাটে অবৈধ জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর ঘটনায় তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জুয়াড়ি চক্রের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। আহত সাংবাদিকের অভিযোগ, উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এ অভিযানের পেছনে তার (ফারুক) সম্পৃক্ততা রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন এমন সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয় জুয়াড়ি চক্রটি। তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের গাড়িতে করে থানায় নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন সন্দেহের বশে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বাদী হয়ে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট সভাপতি সৈকত মন্ডল, সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ সদস্যরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।