গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৭ পিএম

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে অটোরিকশায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক শওকত হোসেন লিখন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর থেকে মেলান্দহগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মোরশেদ আলম। তার স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোটরসাইকেলচালক শওকত হোসেন লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইফতেখার শামীম। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।