গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০৭ পিএম

প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ পেয়েছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন শংকর হাওলাদার। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তার।

তার কর্মতৎপরতায় ২০২৬ সালের জুলাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের (০-১ বছর) কার্যক্রমে রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শংকর হাওলাদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় ধারাবাহিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন তিনি।

শংকর হাওলাদারের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, একজন গ্রাম পুলিশ হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় তার অবদান অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।