দেশের বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সময়ে শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি এবং সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মাহবুবুর রহমান বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ। অথচ উদীয়মান বাজারগুলোতে এ খাতের গড় অবদান ২ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মোটর বিমা বাধ্যতামূলক নয়। এ পরিস্থিতির পরিবর্তনে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মাহবুবুর রহমান বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণ–অভ্যুত্থান, ইসরায়েল-ইরান যুদ্ধ এবং শিল্পাঞ্চলের বিভিন্ন সংকটের সময় বেসরকারি খাতকে সুরক্ষা দিতে বিমাশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের রপ্তানিমুখী শিল্প খাতের ক্ষয়ক্ষতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের আর্থিক অর্জন তুলে ধরেন মাহবুবুর রহমান। জানান, চার দশকে এ কোম্পানি শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। একই সময়ে ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো