প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:০৬ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০১:১৩ এএম
মাটির নিচে খোঁড়াখুঁড়ি করে পুরোনো পেরেক, ঘোড়ার খুরের লোহা আর সীসার গুলি পেয়েছিলেন তিনি। আরও কয়েকদিন এই প্রচেষ্টা চালাতেই হঠাৎ চোখে পড়ল হলুদ রঙের ছোট্ট একটি বিন্দু। পরে মাটি সরাতেই বেরিয়ে এল স্বর্ণের বড় একটি দলা, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে এ ঘটনা ঘটে। সম্প্রতি স্বর্ণের দলাটি খুঁজে পান এক অপেশাদার অনুসন্ধানকারী। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, খোঁজাখুঁজির সময় প্রায়ই অপ্রয়োজনীয় ধাতব বস্তু পাওয়া যায়। পুরোনো পেরেক, ঘোড়ার খুরের লোহা ও সীসার গুলির মতো জিনিস মাটির নিচে প্রচুর থাকে। সেদিনও মাটিতে যন্ত্রের সংকেত পেয়ে খনন করছিলেন তিনি। একপর্যায়ে গর্তের মধ্যে উজ্জ্বল হলুদ রঙের একটি বিন্দু দেখতে পান।
তিনি বলেন, ‘টুকরাটির আকারের তুলনায় শুরুতে সংকেত খুব জোরালো ছিল না। তবে প্রায় ১০০ মিলিমিটার গভীরে যাওয়ার পর যন্ত্রটি তীব্র শব্দ করতে থাকে।’
খনন করে পাওয়া স্বর্ণের দলাটি আলাদা করে চিনতে প্রথমে কিছুটা সময় লাগে। পরে দেখা যায়, কোয়ার্টজ পাথরের সঙ্গে মিশে থাকা দলাটির আকার প্রায় একটি আলুর মতো।
প্রায় ১ দশমিক ২ কেজি ওজনের এই দলায় রয়েছে আনুমানিক ৯৪০ গ্রাম খাঁটি স্বর্ণ। ওজনের ভিত্তিতে বিশেষজ্ঞরা এর দাম ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮৬ লাখ থেকে ১ কোটি ৯৯ লাখ টাকা। তবে ব্যক্তিগত কোনো সংগ্রাহকের কাছে বিক্রি করা হলে এর দাম ২ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।
‘টিবুবুরা স্পাড’ নামে পরিচিতি পাওয়া স্বর্ণের দলাটি খুঁজে পাওয়ার মুহূর্তের ভিডিওতে দেখা যায়, লালচে মাটি থেকে সেটি তুলে আনছেন ওই অনুসন্ধানকারী। বিরল এই আবিষ্কারে তার উচ্ছ্বাসও ধরা পড়ে ভিডিওতে।
সূত্র: এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স