গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ পিএম

বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত খুলতে বাগেরহাটে বিজ্ঞান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত খুলতে বাগেরহাটে বিজ্ঞান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও মনোযোগী করা এবং বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাট বিজ্ঞান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। বিজ্ঞান ক্লাবের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন, নতুন কিছু উদ্ভাবন এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। 

তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদের মধ্যে অনুসন্ধিৎসা, যুক্তিবোধ ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবছর নিয়মিত বিজ্ঞানমেলার আয়োজন করতে হবে। এসব বিজ্ঞানমেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, উদ্ভাবনী সামগ্রী ও প্রযুক্তিনির্ভর আবিষ্কার প্রদর্শনের সুযোগ পাবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরির পথ সুগম হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান এবং বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ শাহ আলম ফরাজী, অধ্যাপক সঞ্জয় দাস, বেগ শামীম, সাংবাদিক রুহুল আমিন বাবু, বোরহান প্রমুখ।

সভায় প্রতিবছর বিজ্ঞানমেলা আয়োজন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা এবং বিজ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, বাগেরহাট বিজ্ঞান ক্লাবের নিয়মিত কার্যক্রম জেলার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।