প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ পিএম
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় সরকার বিভাগের ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি)। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির আওতায় প্রকল্পের কর্মকর্তারা এবং প্রকল্পের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিশেষজ্ঞ মো. এনামুল হক গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত গ্রাম পুলিশ ও সাধারণ জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, সংক্রমণের মাধ্যম, লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জনসাধারণকে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
কর্মসূচিতে গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
আইইউপিএইচপিএসপি-এর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলা, মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার করা।
সূত্র: নতুন আরএসএস সোর্স