গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ পিএম

টেস্ট থেকে অবসরের ঘোষণা শামির

জাতীয়
গণমাধ্যম ডেক্স
টেস্ট থেকে অবসরের ঘোষণা শামির

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ৩৬ বছর বয়সী এই পেসার ২০১৩ সালের নভেম্বর মাসে টেস্ট অভিষেকের স্বাদ পেয়েছিলেন শামি। এবার বিদায় জানিয়ে দিলেন সাদা পোশাকের লাল বলের ক্রিকেটকে।    

অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১১৮ রান খরচায় ৯ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ শামি। এই বোলিং ফিগারই শামির ক্যারিয়ারসেরা বোলিং হিসেবে অটুট আছে। উইকেট টু উইকেট বোলিংয়ের সাথে দারুণ রিভার্স সুইং আদায় করার সক্ষমতার কারণে শুরুতেই বেশ নজর কেড়েছিলেন শামি।

ভারতের জার্সিতে ৬৪ টেস্টে ২২৯ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। ভারতের ইতিহাসে পেসারদের মধ্যে ৬ষ্ঠ সর্বোচ্চ টেস্ট উইকেট শিকার করেছেন শামি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ শামি।

অবসরের ঘোষণায় ভিডিওবার্তাতে শামি বলেছেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ, এই বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। এই সময়ে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি। পড়ে গিয়েছি, আঘাত পেয়েছি, চোটে পড়েছি। কিন্তু এই ব্যাজের (ভারতের জার্সি) জন্য আবার উঠে দাঁড়িয়েছি। ১৩ বছরের এই যাত্রা খুব ভালো ছিল। আমার কোচ, ট্রেনার, ফিজিও, এডিটিং টিম এবং যারা সামান্য হলেও অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

শামি বলে যান, ‘বিশেষ করে সমর্থকদের কথা বলব। ক্রিকেটপ্রেমীরা যে নাম তৈরি করেছেন, এই নামকে তাঁরা যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, তা সব সময় মনে থাকবে। আপনাদের সবাইকে, বিশেষ করে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দেখিয়ে এই নামকে আজকের জায়গায় পৌঁছে দেওয়া সমর্থকদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা। ৬ নভেম্বর আমি এই টেস্ট ক্যাপ পেয়েছিলাম, আজও ৬ নভেম্বর। তাই আজই ১৩ বছরের এই যাত্রার ইতি টানতে চাই। আজই আমার অভিষেক হয়েছিল, আর আজই অবসর নিচ্ছি।’

গত কয়েক বছরে অবশ্য ভারতের জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন মোহাম্মদ শামি। কোনো ফরম্যাটেই জাতীয় দলে নেই তিনি। সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলেছিলেন শামি। সেবার চ্যাম্পিয়নও হয় টিম ইন্ডিয়া।

টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ শামি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।