ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে যুবা টিম টাইগার্স। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় ফরিদ হাসানের দল। জবাবে ব্যাটে নেমে ৪৬.১ ওভারে ২০০ অলআউট হয় শ্রীলঙ্কান যুবারা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় লঙ্কান যুবারা। তিনে নামা সেনজুয়া উইকুনাগুডা ৯৫ বলে ৮৫ রান করেন। যেখানে ছিল ১০টি চার ও দুইটি ছক্কা। গিলহাম রাসানজানা ১৬ এবং লিথমা পেরেরা ১৯ রান করে হারের ব্যবধান কমান। বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবায় ইসলাস রিজন, রবিউল হাসান অনিক দুইটি করে উইকেট নেন। এছাড়া জারিফ সিয়াম ১ উইকেট নেন। প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪১ রানে ২৫ বলে ৩০ রান করে আউট হন আব্দুল্লাহ আল মুহি। দলীয় ৬৩ রানে আল-আমিনের (১৩) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে জারিফ সিয়াম ও আহসান আল মুমিন ১০৬ বলে ৬৮ রানের জুটি গড়েন। সিয়াম ৮৩ বলে ৫৯ রান করে আউট হন। চতুর্থ উইকেটে ফরিদ হাসানের সাথে ৬২ বলে ৪২ রানের জুটি গড়েন মুমিন। দলীয় ১৭৩ রানে ৩৫ বলে ১৭ করে সাজঘরে ফেরেন অধিনায়ক ফরিদ। অন্যপ্রন্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুমিন। দলীয় ২২৪ রানে ৯৮ বলে ৮২ রান করে আউট হন তিনি। শেষদিকে আর কেউ সুবিধা করতে না পারলেও ২৪৫ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে, ৩ উইকেট নেন গিমহান মেন্ডিস। ২ উইকেট নেন কৌশিকা কুমারাসিংহে।