গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সুরভী আক্তার নামের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউস টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি বলেন, দোলনচাঁপা হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান।

তিনি বলেন, তার কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো তার হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তার হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি।

ড. সুমনা আক্তার সুমি বলেন, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত গ্যাসলাইনের লিকেজ বন্ধের ব্যবস্থা গ্রহণ করেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।