চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার বহদ্দারহাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আগুন জ্বলতে থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরটি গুজব।
শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি বহদ্দারহাটের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং এর দৃশ্যের প্রকৃত স্থান কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান কালবেলাকে বলেন, অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্মৃতিস্তম্ভে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগার ঘটনা ঘটলে ছাইসহ অন্যান্য আলামত থাকার কথা। কিন্তু সেগুলো পাওয়া যায়নি।
এদিকে বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামও স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর নাকচ করেছেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ চান্দগাঁও থানার ওসির বরাত দিয়ে কালবেলাকে বলেন, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরটি গুজব।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, স্মৃতিস্তম্ভে আগুন লাগার বিষয়ে তারা কোনো তথ্য পাননি।
এদিকে শনিবার বিকেল ৫টার দিকে তোলা বহদ্দারহাট জুলাই স্মৃতিস্তম্ভের একটি ছবি সন্ধ্যায় কালবেলাকে পাঠিয়েছেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম। তার পাঠানো ছবিতে স্মৃতিস্তম্ভটি স্বাভাবিক ও অক্ষত অবস্থায় দেখা গেছে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তদন্তে আসে। সেখানে স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। এছাড়াও বিকেলে তোলা ছবিতেও স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৭ মার্চ শরীয়তপুরে, ৯ জুন নেত্রকোনায়, ১৩ জুন নোয়াখালীতে, ৩ জুলাই খাগড়াছড়িতে, ২১ জুলাই নারায়ণগঞ্জে, ১০ আগস্ট কুষ্টিয়ায়, ২ নভেম্বর যশোরে এবং ৬ নভেম্বর চাঁদপুরে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকটি স্থাপনার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে বহদ্দারহাটের স্মৃতিস্তম্ভে আগুনের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল।
সূত্র: নতুন আরএসএস সোর্স