পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। শনিবার (৭ নভেম্বর) এ হামলার পর পুলিশ গুলি চালিয়ে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
হামলার সময় বন্দুকধারী সামরিক পোশাকের মতো দেখতে পোশাক পরেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) একটি গাড়ি থেকে ওই ব্যক্তি চত্বরে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান বলে খবর আসে।
পুলিশের এক মুখপাত্র বলেন, হামলাকারীকে গ্রেপ্তারের সময় কর্মকর্তারা অস্ত্র ব্যবহার করেন। এ সময় হামলাকারীও পাল্টা গুলি চালালে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে আটক করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একটি ভিডিওতে গুলির শব্দ ও পুলিশের সাইরেনের মধ্যে ঘটনাস্থল থেকে মানুষকে দৌড়ে পালাতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এছাড়া অন্য একটি ভিডিওতে রক্তাক্ত পাকা সড়কে কয়েকজনকে পড়ে থাকতে এবং প্রত্যক্ষদর্শীদের আহতদের বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে।
কনরাড নামের এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম ইন্টারিয়াকে বলেন, ‘আমি চালকের পাশের জানালা থেকে গুলি ছোড়ার দৃশ্য দেখেছি। ধোঁয়াও বের হচ্ছিল। আমি মূল চত্বরের পুলিশ স্টেশনের দিকে দৌড়ে যাই। ভেতরে ঢুকে দেখি, মেঝেতে শুয়ে অনেক মানুষ লুকিয়ে আছেন।’
এ ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রে ঘটে যাওয়া হামলার বিষয়ে তাকে নিয়মিত অবহিত করা হচ্ছে। এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ক্রাকোভ পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।
সূত্র: কালবেলা