গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম

কোনাবাড়ীতে পুলিশ-বক্স ভাঙচুর: আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কোনাবাড়ীতে পুলিশ-বক্স ভাঙচুর: আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ট্রাফিক ও শিল্প পুলিশ বক্সে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে উপযুক্ত পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোনাবাড়ী থানা পুলিশ যৌথভাবে কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগর ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আইনবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া এবং স্থানীয় আওয়ামী লীগকর্মী আজিজুল হক ও আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ১ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে একদল সুযোগসন্ধানী ও বিক্ষুব্ধ ব্যক্তি কোনাবাড়ীতে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স ও শিল্প পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশ বক্সের ভেতরে থাকা প্রয়োজনীয় সরকারি নথিপত্র, চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়।

এ নাশকতার ঘটনায় শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে। পরবর্তী সময়ে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পেয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।