প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দীপের জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
জামিন আবেদনের পক্ষে আইনজীবীরা বলেন, জিজ্ঞাসাবাদে দীপ সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। প্রতিবার রিমান্ড শেষে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা বলা হলেও কাউকে জোর করে স্বীকারোক্তি আদায়ের অধিকার নেই। এ ছাড়া আসামির মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। এসব দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের আবেদন জানান তারা। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, দীপকে কারাগারে পাঠানোর আবেদনে পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাতায়াত এবং রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন।
এর আগে প্রথম দফায় চার দিন এবং পরবর্তী দুই দফায় তিন দিন করে দীপকে পুলিশ রিমান্ডে নেয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার ও বুমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য তদন্তের স্বার্থে গোপন রেখে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও কারাগারে পাঠানোর আবেদনে উল্লেখ করেছে পুলিশ।
সূত্র: নতুন আরএসএস সোর্স