গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ এএম

যেকোনো আগ্রাসনের চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর কমান্ডারের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
যেকোনো আগ্রাসনের চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর কমান্ডারের

ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নর্দার্ন ফ্লিট ও চতুর্থ নৌ অঞ্চলের কমান্ডার মোহসেন রাজ্জাকি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার মূল্য এতটাই বাড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যতে দেশটির ওপর হামলার সাহস কেউ না পায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাজ্জাকি বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের নৌবাহিনী দিন-রাত ২৪ ঘণ্টা দেশের সামুদ্রিক সীমান্ত ও জলসীমা রক্ষায় নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পরিণতি এমন হতে হবে, যা ভবিষ্যতে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে প্রতিপক্ষকে নিরুৎসাহিত করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার মধ্যে ইরানের বিভিন্ন কর্মকর্তা ও সামরিক কমান্ডারের ধারাবাহিক হুঁশিয়ারির অংশ হিসেবে রাজ্জাকির এ বক্তব্য সামনে এলো।

এর আগে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেন, ‘যুদ্ধ শুরু করলে ভয়াবহ জবাবের মুখোমুখি হতে হবে।’

এ ছাড়া গত অক্টোবরের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক কমান্ডারদের ‘সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা’ নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে ইরানের ওপর আবারও হামলা হলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যে দেশটির সামরিক প্রস্তুতি ও সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেওয়ার অবস্থান স্পষ্ট হয়েছে।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।