গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ এএম

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুরুতে আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় সব দিক বিবেচনা করে ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরুর বিষয়ে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-একদিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।