প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:০১ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দেশটির তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
কলম্বিয়ার সেনাবাহিনীর প্রথম ডিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বলিভার বিভাগের সান্তা রোসা পৌরসভায় সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরক বহনে সক্ষম করে পরিবর্তিত কয়েকটি ড্রোন ব্যবহার করে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
ঘটনার পরপরই নিরাপত্তা প্রটোকল কার্যকর করা হয়। সেনাসদস্যরা হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন।
হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ হামলার নিন্দা জানিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী। তাদের ভাষায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে সাধারণ জনগণকে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সেনাবাহিনীর প্রথম ডিভিশন।
এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড বা হামলা-সংক্রান্ত তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
সূত্র: নতুন আরএসএস সোর্স