জামালপুরে শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের প্রধান সড়কে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিল করেন। তাদের অধিকাংশের মুখে মুখোশ ছিল বলে জানিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের একটি ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং অন্য পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি রয়েছে।
ভিডিওতে মিছিলকারীদের ‘রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার ভয় নেই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘শহরের বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত ১৫-২০ জন মিলে একটি মিছিল করেছে। তাদের অধিকাংশেরই মুখোশ পরা। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স