প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ পিএম
বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
টাঙ্গাইল-৫ আসনের এ সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে সমাজের প্রতিটি মানুষকে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা তৈরি করতে হবে। বিশেষ করে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। পরে তিনি সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন সমবায় সংগঠনের পক্ষ থেকে নানা পণ্যের স্টল সাজানো হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা