প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:২৬ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫৮ পিএম
দিনের খেলা শেষে মাঠ ছাড়ার সময় মুচকি হাসিতে মাথা নাড়াচ্ছিলেন সাদমান ইসলাম। আলোক স্বল্পতার কারণেই ৯৯ রানে অপরাজিত থাকা এই ওপেনার আজ সেঞ্চুরির দেখা পাননি।
সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে স্বাগতিকরা। সাদমানের সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন লিটন দাস।
শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের দারুণ গতি ও লাইন লেন্থের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় সাদমানকে। ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমের পর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকেও হারান তিনি। এর মধ্যে মুমিনুল ও শান্ত আউট হন বাজে শট খেলে।
সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ঠান্ডা মাথায় ব্যাট চালান সাদমান। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়ে স্কোরবোর্ড ভারী করছিলেন। ৪২ রান করা হৃদয় চোট নিয়ে মাঠ ছাড়লে ছন্দপতন হয়। তবু দমে না গিয়ে ক্রিজে আসা লিটন দাসকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান।
সূত্র: কালবেলা