সম্প্রতি, ‘কক্সবাজার যুবলীগের তিনজন সক্রিয় কর্মীকে নির্ম'মভাবে হ'ত্যা করেছে বিএনপির স'ন্ত্রাসীরা’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি কক্সবাজারের নয়। প্রকৃতপক্ষে, গত ৬ জুলাই খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। সেই ঘটনার ভিডিও এটি।
বিস্তারিত
অনুসন্ধানে গত ৬ জুলাই জাতীয় দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ জুলাই খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়।
এছাড়া, এটিএন বাংলা, মানবকণ্ঠ, আঞ্চলিক গণমাধ্যম সিভয়েস২৪, চট্টগ্রাম টাইমসসহ একাধিক গণমাধ্যমে একই তথ্যে একই দৃশ্যের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করেছিল।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত জুলাই মাসে খাগড়াছড়ির ভিন্ন ঘটনার।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি কক্সবাজারে যুবলীগের তিনজন হত্যাকাণ্ডের শিকার হওয়া সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সূত্র: কালবেলা