গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:১০ পিএম

ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, উদ্ধার ২২

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, উদ্ধার ২২
ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই  আরব নাগরিক বলে জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। ইউএই ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাজে থাকা ২২ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও নিশ্চিত করেছে ন্যাশনাল গার্ড। তবে জাহাজটিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা জাহাজটির গন্তব্য কোথায় ছিল—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ওই অঞ্চলের সামুদ্রিক যোগাযোগ ও নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। এমন পরিস্থিতিতে ওমান উপসাগরে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এ ঘটনার সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।