গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ পিএম

সাভার-আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাভার-আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সময়ে অধিকাংশ পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। সচল রয়েছে অধিকাংশ কারখানার উৎপাদন কার্যক্রম। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অবস্থান করায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে উত্তপ্ত ছিল শিল্পাঞ্চল। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে ১১ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কারখানা ছুটির পর কয়েকটি কারখানার শ্রমিক আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে যান চলাচল স্বাভাবিক থাকে।

দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। এ পর্যন্ত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে চারটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি ও পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সাভারের শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।