গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ পিএম

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, শিশির মনিরের লিগ্যাল নোটিশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, শিশির মনিরের লিগ্যাল নোটিশ

দেশে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ, পাচার, সরবরাহ, অপব্যবহার ও ক্রমবর্ধমান বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে ১০ জন আইনজীবীর পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রোববার (৮ নভেম্বর) এ লিগ্যাল নোটিশ পাঠান তিনি।

নোটিশে মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং মাদকসংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধানস্বীকৃত রাষ্ট্রীয় দায়িত্ব বাস্তবায়নের লক্ষ্যে এ নোটিশ পাঠানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নতি সাধন এবং মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দেশে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ, বিস্তার ও পাচার প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে নোটিশে কয়েকটি উদ্বেগজনক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে ৫ বছরে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া ১ লাখ ২২ হাজার ৪২২টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৩ হাজার ১৩৬টি। অর্থাৎ মোট মামলার প্রায় ১১ শতাংশের নিষ্পত্তি হয়েছে। 

এতে  বলা হয়, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে ৫৬ দশমিক ৩৬ শতাংশ আসামি খালাস পেয়েছেন। এ পরিসংখ্যান মাদক মামলার তদন্ত, প্রসিকিউশন ও বিচারিক প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

সীমান্তে মাদক উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে নোটিশে বলা হয়, ২০২৫ সালে শুধু সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ কোটি ৭০ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে। এ ছাড়া ২০২৬ সালের এপ্রিলে নাফ নদীতে একক অভিযানে বিজিবির ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ঘটনা দেশে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও সরবরাহের ব্যাপকতা তুলে ধরে।

নোটিশে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে আন্তর্জাতিক মাদক পাচারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবেও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ 'গোল্ডেন ট্রায়াঙ্গল', ‘গোল্ডেন ক্রিসেন্ট’ ও ‘গোল্ডেন ওয়েজ’-এর মতো আন্তর্জাতিক মাদক পাচারের রুটগুলোর ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী কোকেন পাচারের ট্রানজিট রুট হিসেবেও বাংলাদেশ ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ পরিস্থিতিতে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, বিদ্যমান মাদকবিরোধী আইনের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা এবং বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় ও তাৎক্ষণিক তথ্য বিনিময় নিশ্চিত করা।

এ লক্ষ্যে একটি স্থায়ী যৌথ গোয়েন্দা ও সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ লেনদেন ও সরবরাহ বন্ধে বিশেষায়িত সাইবার মনিটরিং ইউনিট গঠন অথবা বিদ্যমান ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

নোটিশে মাদকদ্রব্যসংক্রান্ত মামলার তদন্তের গুণগত মান উন্নয়ন, আসামিদের উচ্চ হারে খালাস পাওয়ার কারণ চিহ্নিত করা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে সময়াবদ্ধ ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের কথাও বলা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক পুনঃএকত্রীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও বিস্তার রোধ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা, নাগরিকের নিরাপত্তা এবং সংবিধানস্বীকৃত রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকার সুযোগ নেই।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।