গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

মালদ্বীপকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মালদ্বীপকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের পর মালদ্বীপকে হারিয়ে তিন পয়েন্ট তুলেছে নলবারতো সোলানোর শিষ্যরা। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। গ্রপপর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারতের জয় বা ড্রয়ে সেমিফাইনালে খেলবে পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচের শুরুতে গোলের দেখা পায়, সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিকাইল অরুণ আবদুল্লাহ। মিনিট দুয়েক পর আবারও গোল পায় পাকিস্তান। এবার জুনায়েদ আহমেদ শাহর অ্যাসিস্টে গোল করেন নাজিব উল্লাহ, ২-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। ১৯ মিনিটে মালদ্বীপ ভালো সুযোগ তৈরি করে। ছোট ডি বক্সের বাইরে পাওয়া বল বাঁ পায়ের শটে বাইরে মারেন মালদ্বীপের খেলোয়াড়। ২৪ মিনিটে ম্যাচের তৃতীয় গোল পেয়ে যায় পাকিস্তান। এবারও গোল করেন নাজিব উল্লাহ, ৩-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। এরপর পাকিস্তান ও মালদ্বীপ আরও কিছু চেষ্টা করেছিল। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। পাকিস্তান প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর এলোমেলো খেলা চলতে থাকে, ৬১ মিনিটে মালদ্বীপের আহমেদ রশিদ গোলের চেষ্টা করেন। রাইট উইং দিয়ে মারা বল বারের অনেক উপর দিয়ে চলে যায়। ৬৫ মিনিটে মো. নাঈমের লেফট উইং দিয়ে করা আক্রমণ ঠেকিয়ে দেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ আহমেদ ভাট। ৮৭ মিনিটে আরও একটি সুযোগ পায় পাকিস্তান। রাইট উইং দিয়ে আক্রমণ করা বল ঠেকিয়ে দেন মালদ্বীপ গোলরক্ষক। ফিরতি বলে সৈয়দ আলী রাজা জোরালো শট করলেও বারের অনেক উপর দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। পরে ওই তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।