গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:০৫ পিএম

প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান

প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সাফিউস সামি আলমগীর দায়িত্ব গ্রহণ করেছেন। ডুবোটেক দেশের প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা, উন্নত রোবোটিকস ও প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কাজ করা প্রতিষ্ঠানটি তাঁর নেতৃত্বে নতুন প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা যায়।

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিইপিআইএ) সভাপতি। উৎপাদনশিল্প, শিল্পোন্নয়ন, বিনিয়োগ ও বেসরকারি খাতের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

ডুবোটেক একটি দেশীয় প্রতিরক্ষা স্বয়ংক্রিয় প্রযুক্তিপ্রতিষ্ঠান, যা সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য ফোর্টিস নামের একটি এআইনির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। ফোর্টিস-নির্ভর স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা অভিযানে ব্যবহারের প্রযুক্তি উন্নয়ন ও বাস্তবায়ন করছে। ডুবোটেকের প্রযুক্তির মধ্যে রয়েছে পানির নিচের স্বয়ংক্রিয় যান (এইউভি), চালকহীন সামুদ্রিক যান (ইউএসভি), চালকবিহীন স্থলযান (ইউজিভি), অধিক ওজন বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআইনির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম।

ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি আলমগীর

প্রযুক্তি ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে ডুবোটেক শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০২৫–এ স্টার্টআপ অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানটি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেয়েছে।

ডুবোটেকের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা জাতীয় পর্যায়ে মনোযোগ আকর্ষণ করেছে। প্রতিরক্ষা খাতেও ডুবোটেক ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একাধিক চুক্তি করেছে এবং তাদের প্রযুক্তির জন্য ক্রয়াদেশ পেয়েছে। এসব চুক্তির আওতায় ডুবোটেক এরই মধ্যে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা নকশা, সরবরাহ ও কার্যকরভাবে পরিচালনার পর্যায়ে নিয়ে গেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সারির এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে মোতায়েন ও পরিচালনায় সক্ষম প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন এবং সেগুলোর বাণিজ্যিক ও কৌশলগত ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।